প্রিন্ট এর তারিখঃ জুন ৩০, ২০২৬, ৩:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৯, ২০২৬, ১২:২৩ পি.এম
সিরাজগঞ্জে চরাঞ্চলে তিলের বাম্পার ফলন, ভালো দামে উচ্ছ্বসিত কৃষক

সিরাজগঞ্জে চরাঞ্চলসহ বিভিন্ন স্থানে এবার তিল চাষে বাম্পার ফলন হয়েছে। ইতোমধ্যেই হাইব্রিডসহ বিভিন্ন জাতের তিল কাটা ও মাড়াই শুরু হয়েছে। বাজারে নতুন তিলের দাম ভালো থাকায় কৃষকেরা খুশি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ জেলার ৯টি উপজেলার বিভিন্ন স্থানে ৭ হাজার ১৭২ হেক্টর জমিতে তিল চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। কৃষকেরা লাভজনক এ চাষে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছেন। এসব তিলের মধ্যে রয়েছে হাইব্রিড বারি-১, বারি-২, বারি-৩ এবং দেশি জাতের তিল।
এ চাষ সবচেয়ে বেশি হয়েছে যমুনা নদীর তীরবর্তী কাজিপুর, বেলকুচি, শাহজাদপুর, চৌহালী ও সিরাজগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের বিভিন্ন স্থানে। এছাড়া উল্লাপাড়া, তাড়াশ, কামারখন্দ ও রায়গঞ্জ উপজেলার বিভিন্ন স্থানেও এ চাষ হয়েছে। তবে খাল, বিল ও নদীর পাড়েও দেশি তিলের চাষ হয়েছে এবং ইতোমধ্যেই দেশি জাতের তিল ফুলের সমারোহ সৃষ্টি করেছে।
বিশেষ করে চরাঞ্চলে হাইব্রিড তিল চাষে ফলন ভালো হয়েছে। ইতোমধ্যেই তিল কাটা ও মাড়াই শুরু হয়েছে। স্থানীয় কৃষকেরা বলছেন, প্রতি বিঘা জমিতে ৩ থেকে সোয়া ৩ মণ তিল উৎপাদন হচ্ছে। তবে চরাঞ্চলে হাইব্রিড তিলের উৎপাদন বেশি হয়েছে।
স্থানীয় কৃষি বিভাগ এ লাভজনক চাষে পরামর্শ দিয়ে থাকে এবং কৃষি কর্মকর্তারা কৃষকদের তিলক্ষেতও পরিদর্শন করেন। তবে পুরোদমে তিল কাটা শুরু হয়নি। আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে দেশি আগাম জাতের তিল পুরোদমে কাটা শুরু হবে। তিল পুরোদমে কাটা শুরু হলে বাজারও জমে উঠবে।
তিল ব্যবসায়ীরা ইতোমধ্যেই হাট-বাজারে নতুন তিল ক্রয় শুরু করেছেন। বর্তমানে বাজারে প্রতি কেজি হাইব্রিড তিল ১৭৫ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি তিল কাটা শুরু হয়ে বাজারে উঠলে দাম আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। তিলের তেলের বাজারে কদর কম নয়। এছাড়া তিলের লাড্ডু, ভর্তা, খাজা, বিস্কুটসহ বিভিন্ন সুস্বাদু খাবার তৈরি হয়ে থাকে। বিশেষ করে চরাঞ্চল থেকে হাইব্রিড তিল ক্রয় করে বিভিন্ন স্থানে সরবরাহ করছেন ব্যবসায়ীরা।
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা কৃষি বিভাগের উপপরিচালক একেএম মঞ্জুরে মাওলা বলেন, “খরচ কম হওয়ায় লাভজনক তিল চাষে কৃষকদের পরামর্শ দেওয়া হয়। এ চাষে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকেরা বেশি আগ্রহী হয়ে উঠেছেন। তবে চরাঞ্চলে এবার তিলের চাষাবাদ ভালো হয়েছে। বর্তমানে বাজার ভালো থাকায় কৃষকেরা খুশি।”
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com
Design & Development By HosterCube