পল্টনস্থ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে আজ (বুধবার) বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো বয়সভিত্তিক পুরুষ আইএএইচএফ (আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন) ট্রফি। বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করছে পোলার আইসক্রিম।
উদ্বোধনী অনুষ্ঠানের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করেন আলিফ স্কোয়াড শিল্পীরা। এর আগে প্রতিটি দলের পতাকা সহযোগে খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও ম্যানেজাররা হ্যান্ডবল কোর্টে প্রবেশ করেন। এ সময় প্রতিটি দেশের বিভিন্ন দেশাত্মবোধক গান বাজতে থাকে।
আন্তর্জাতিক এই প্রতিযোগিতার আয়োজন দেখে মুগ্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী। প্রতিটি দেশকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘এখানে যারা অংশ নিয়েছে তাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমরা বিশ্বাস করি, বর্তমান সরকার স্পোর্টস ডিপ্লোমেসি নিয়ে কাজ করছে এবং আমরা পাশের দেশসহ এশিয়া ইউরোপের সব দেশের সঙ্গে স্পোর্টস ডিপ্লোমেসির মাধ্যমে আমাদের রিলেশন এক্সচেঞ্জের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করতে পারি। আমাদের ক্রীড়াঙ্গনকে উঁচু জায়গায় প্রতিষ্ঠিত করতে পারি।’
আজ (বুধবার) দুপুর ১টায় মালদ্বীপ ও আফগানিস্তানের ম্যাচ দিয়ে শুরু হয়েছে অ-১৮ প্রতিযোগিতা।
অনূর্ধ্ব-২০ দলের বাংলাদেশের প্রথম ম্যাচ রয়েছে সন্ধ্যা ৭টায়। প্রতিপক্ষ আফগানিস্তান।
ভারত, নেপাল, ইয়েমেন, মালদ্বীপ, আফগানিস্তান ও বাংলাদেশ- এই ছয় জাতির অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিযোগিতা। অনূর্ধ্ব-২০ বিভাগে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। ‘এ’ গ্রুপে খেলবে ভারত, নেপাল ও ইয়েমেন। ‘বি’ গ্রুপে আছে- মালদ্বীপ, আফগানিস্তান ও স্বাগতিক বাংলাদেশ।
দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলগুলো নিয়ে ১৩ জুন হবে সেমিফাইনাল এবং ১৪ জুন ফাইনাল অনুষ্ঠিত হবে।
অনূর্ধ্ব-১৮ বিভাগের ম্যাচগুলো রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হবে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল হবে চ্যাম্পিয়ন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মাহবুব উল আলম, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আবু মোহাম্মদ সারওয়ার ফরিদ, সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন আহমেদ, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মাসুদ ইমাম।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com