প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৬, ২:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৪, ২০২৬, ১১:৪১ এ.এম
দীর্ঘদিন আত্মগোপনের পর কালাইয়ে গ্রেফতার সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী

মাদক মামলায় চার বছরের সাজা হওয়ার পর থেকেই ছিলেন পলাতক। আদালতের রায় ঘোষণার দিনও হাজির হননি। অবশেষে দেড় বছরের দীর্ঘ আত্মগোপনের অবসান ঘটিয়ে জয়পুরহাটের কালাই থেকে সাজাপ্রাপ্ত সেই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মাহফুজার রহমান উপজেলার জিন্দারপুর ইউনিয়নের কাদিরপুর গ্রামের মৃত আব্দুল হাকিম সরকারের ছেলে। শুক্রবার (২২ মে) দিবাগত রাতে উপজেলার পুনট ইউনিয়নের পাঁচগ্রাম এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে কালাই থানা পুলিশ।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, আদালতের সাজা পরোয়ানাভুক্ত আসামী হিসেবে মাহফুজার রহমান দীর্ঘদিন ধরেই পুলিশের নজরদারিতে ছিলেন। তথ্যপ্রযুক্তি ও সোর্সের সহায়তায় তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করা হয়।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৭ নভেম্বর অতিরিক্ত দায়রা জজ-১ম আদালতের বিচারক মো. নূরুল ইসলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এক মামলায় মাহফুজার রহমানকে চার বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। তবে রায়ের সময় তিনি আদালতে অনুপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, ২০১৭ সালের ১৮ মার্চ কাদিরপুর এলাকায় মাদক বিক্রির সময় হাতেনাতে গ্রেফতার হন মাহফুজার রহমান। ওই ঘটনায় কালাই থানায় মামলা দায়েরের পর তিনি জেলহাজতে ছিলেন। পরে প্রায় আট মাস পর জামিনে বের হয়ে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।
দীর্ঘ শুনানি শেষে আদালত তার অনুপস্থিতিতেই রায় দেন। এরপর থেকেই তাকে গ্রেফতারে তৎপর ছিল পুলিশ। অবশেষে দেড় বছর পলাতক থাকার পর পুলিশের জালে ধরা পড়েন তিনি।
শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com
Design & Development By HosterCube