
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান বলেছেন, ‘সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে ৩ মাসের বিশেষ সহায়তা প্রদান করবে।’
আজ মঙ্গলবার দুপুরে জেলার কলমাকান্দা উপজেলার অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি হাওর এলাকা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। মহাপরিচালক রেজওয়ানুর রহমান জানান, প্রধানমন্ত্রী বৃষ্টির প্রথম দিন থেকেই সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোণাসহ ক্ষতিগ্রস্ত জেলাগুলোর নিয়মিত খোঁজ রাখছেন।
তিনি বলেন, ‘দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে জিআর ক্যাশ এবং জিআর চাল—এই দুই মাধ্যমে আগামী ৩ মাস ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করার সিদ্ধান্ত ইতোমধ্যে নিয়েছে সরকার। যা আজ থেকেই কোনো কোনো জেলায় এ কার্যক্রম শুরু হয়েছে।’
পরিদর্শনকালে তিনি আরও উল্লেখ করেন যে, দুর্যোগ পরিস্থিতি পর্যবেক্ষণে সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা মাঠপর্যায়ে কাজ করছেন। ত্রাণ মন্ত্রী ও কৃষি মন্ত্রী বর্তমানে সুনামগঞ্জ এবং সচিব কিশোরগঞ্জ এলাকায় রয়েছেন। এরই ধারাবাহিকতায় তিনি নেত্রকোণার কলমাকান্দার খারনৈ ও বড়খাপন ইউনিয়নের ক্ষতিগ্রস্ত হাওর এবং খাল এলাকা সরেজমিনে ঘুরে দেখছেন।
এ সময় মহাপরিচালক কলমাকান্দা উপজেলা প্রশাসনকে ক্ষতিগ্রস্তদের দ্রুত তালিকা করার নির্দেশনা দিয়ে বলেন, ‘আমরা পরিস্থিতি দেখার জন্য এখানে এসেছি। তালিকা অনুযায়ী দ্রুত ত্রাণ ও সহায়তা পৌঁছে দেওয়া হবে। ত্রাণ মন্ত্রণালয়ের পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ও তাদের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’
এর আগে তিনি উপজেলার চিকন মাটিয়া, তেলেঙ্গা, মেদি বিল, দমদমা খাল এবং গোড়াডোবা হাওর এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় কৃষকদের সাথে কথা বলেন এবং জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
পরিদর্শনকালে তাঁর সাথে ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. রুহুল আমীন, কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সাইফুল ইসলাম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মমিনুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. ওবায়দুল হক, সমাজসেবক মো. মুজিবুর রহমান এবং কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com