
মধ্যপ্রাচ্যের যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিচে তুলে ধরা হলো:
-লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৮-
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার ইসরাইলের হামলায় দেশটির দক্ষিণাঞ্চলে আট জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরাও রয়েছে। এই হামলায় দুই সেনা সদস্য আহত হয়েছে।
প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
চলমান যুদ্ধবিরতির মধ্যেই এই হামলার ঘটনা ঘটে। মার্চের শুরু থেকে ইসরাইল হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই করছে। দক্ষিণ লেবাননে সেনা পাঠিয়ে ইরান-সমর্থিত এই গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষ চালিয়ে যাচ্ছে তারা। ১৭ এপ্রিলের নড়বড়ে যুদ্ধবিরতির পরও সহিংসতা অব্যাহত রয়েছে।
-অপরিশোধিত তেলের দাম বাড়ল, শেয়ারবাজারে পতন-
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারেন— এমন খবরে তেলের দাম বেড়েছে। প্রস্তাবটি ছিল হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল পুনরুদ্ধার নিয়ে। একই সঙ্গে কাতার সম্ভাব্য ‘স্থবির সংঘাত’-এর সতর্কতা দিয়েছে।
জুন ডেলিভারির জন্য ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেল প্রতি ১১১ দশমিক ২৬ ডলারে দাঁড়িয়েছে, যা প্রায় ২ দশমিক ৮ শতাংশ বেশি। যুক্তরাষ্ট্রের সূচক ডব্লিউটিআই ৩ দশমিক ৭ শতাংশ বেড়ে ৯৯ দশমিক ৯৩ ডলারে উঠেছে।
-পশ্চিমাদের প্রতি ঐক্যের আহ্বান চার্লসের-
যুক্তরাষ্ট্রের কংগ্রেসে দেওয়া ভাষণে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস যুক্তরাষ্ট্রকে পশ্চিমা মিত্রদের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ওয়াশিংটনের এই বৈঠক হয়েছে ‘এক গভীর অনিশ্চয়তার সময়ে।’
চার্লস আরও বলেন, ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত চলমান সংঘাতের এই সময় আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করছে। এর প্রভাব দেশগুলোর প্রতিটি জনগোষ্ঠীতেই অনুভূত হচ্ছে।
ইরান যুদ্ধে সমর্থন না দেওয়ায়, ট্রাম্প প্রকাশ্যে বারবার যুক্তরাজ্যের সমালোচনা করেছেন।
-মের্ৎসকে আক্রমণ ট্রাম্পের-
ইরান যুদ্ধ নিয়ে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস-এর মন্তব্যের জবাবে ট্রাম্প কড়া সমালোচনা করেছেন।
মের্ৎস পশ্চিম জার্মানির একটি স্কুল সফরে বলেন, তেহরান আলোচনায় ওয়াশিংটনকে ‘অপমানিত’ করছে। তিনি আরও বলেন, ‘আমেরিকানদের স্পষ্ট কোনো কৌশল নেই।’
এর জবাবে ট্রাম্প বলেন, চ্যান্সেলর মনে করেন ‘ইরানের পারমাণবিক অস্ত্র থাকা ঠিক আছে’ এবং ‘তিনি কী বলছেন, তা জানেন না।’
-বাগদাদের গ্রিন জোনে ড্রোন হামলার চেষ্টা-
এক সামরিক সূত্র এএফপিকে জানায়, বাগদাদের গ্রিন জোনের ওপর উড়তে থাকা ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ড্রোনগুলোকে প্রতিহত করেছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।
এই এলাকায়ই যুক্তরাষ্ট্রের দূতাবাস অবস্থিত।
২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো ইরাকে মার্কিন স্থাপনা ও স্বার্থে হামলা চালিয়ে আসছে।
তবে ৮ এপ্রিলের ভঙ্গুর যুদ্ধবিরতির পর এটিই প্রথম এমন ঘটনা।
-হিজবুল্লাহর সুড়ঙ্গ ধ্বংসের দাবি ইসরাইলের-
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর তৈরি বড় একটি সুড়ঙ্গ নেটওয়ার্ক তারা খুঁজে পেয়ে ধ্বংস করেছে।
কান্তারা এলাকায় পাওয়া এসব সুড়ঙ্গের দৈর্ঘ্য ছিল ৮০০ মিটার ও ১ দশমিক ২ কিলোমিটার।
এগুলো ধ্বংসে ৪৫০ টনের বেশি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে বলে জানানো হয়।
একই সঙ্গে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে নতুন করে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ইসরাইল।
-ইরানের উদ্দেশ্যে যাওয়া সন্দেহে জাহাজে মার্কিন অভিযান—
যুক্তরাষ্ট্রের সেনারা এম/ভি ব্লু স্টার থ্রি নামের একটি জাহাজে ওঠে তল্লাশি চালায়। পরে জাহাজটিকে ছেড়ে দেওয়া হয়।
ওয়াশিংটনের সন্দেহ ছিল, জাহাজটি ইরানের বন্দর অবরোধ ভাঙার চেষ্টা করছিল।
-সৌদি আরবে উপসাগরীয় নেতাদের বৈঠক-
চলমান সংকট নিয়ে আলোচনা করতে সৌদি আরবের জেদ্দায় উপসাগরীয় অঞ্চলের নেতা ও কর্মকর্তারা বৈঠকে অংশ নিয়েছেন।
২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্যদের এটি প্রথম সরাসরি বৈঠক।
-ওপেক ছাড়ছে সংযুক্ত আরব আমিরাত-
সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তারা জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে ওপেক ও ওপেক+ জোট থেকে সরে দাঁড়াবে।
মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে, জ্বালানির দাম বাড়ার মধ্যেই এই চমকপ্রদ ঘোষণা আসে।
বিশ্বের শীর্ষ তেল উৎপাদক দেশগুলোর একটি আমিরাত আগে থেকেই ওপেকের উৎপাদন কোটা নিয়ে অসন্তোষ প্রকাশ করছিল।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএম জানায়, শুক্রবার থেকেই তারা জোট ছাড়বে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com