
রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের পর ধসে পড়া একটি দোকানের মালিককে আটকের অভিযোগ উঠেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বিরুদ্ধে। ওই ব্যবসায়ীর নাম আব্দুল মোতালেব মিন্টু। তার ব্যবসা প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ স্যানিটারি।
মিন্টুর বোন জামাই আবুল খায়ের বুধবার (৮ মার্চ) দুপুরে বলেন, ‘গতকাল রাত ৩টার দিকে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিট থেকে মিন্টুকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। দোকান কর্মচারীদের খুঁজতে মিন্টু ঢাকা মেডিক্যালে গিয়েছিলেন। তার দোকান পুরোটা ধসে গেছে।’
নাম প্রকাশে অনিচ্ছুক ডিবির একটি সূত্র জানিয়েছে, ডিবির লালবাগ বিভাগের একটি টিম মিন্টুকে তুলে নিয়েছে। বর্তমানে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে রয়েছেন। বেজমেন্টে তার দোকানের নিচেই বিস্ফোরণ হয়েছে। তাই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মিন্টুর শ্বশুর আকতার হোসেন বলেন, ‘গতকাল রাতে কথা আছে বলে ডিবি মিন্টুকে ডেকে নিয়ে যায়। এরপর তাকে ডিবি মিন্টো রোডের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে শুনছি। তবে ডিবি আমাদের সঙ্গে আর যোগাযোগ করেনি।’
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) হারুন অর রশীদ বলেন, ‘আমরা কাউকে আটক করিনি। জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক, দোকান মালিকদের ডেকেছি। যারা আহত হয়েছে তাদের সঙ্গেও কথা বলছি।’
তিনি আরও বলেন, ‘আমরা জানতে চাইবো, বাণিজ্যিকের নিয়ম মতো বেজমেন্টে দোকান দেওয়ার কথা না, সুয়ারেজ লাইন, সেপটিক ট্যাংকি, ওয়াটার রিজার্ভার- এগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণ হতো কিনা তা আমরা জানতে চাইবো। কার অবহেলায় এই হতাহতের ঘটনা ঘটলো, তা জানতে জিজ্ঞাসাবাদ করছি। এছাড়া বাহির থেকে কেউ এটা ঘটিয়েছে কিনা বা এসে ঘটানোর সুযোগ আছে কিনা তা আমরা খতিয়ে দেখছি।’
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com