
সাভারে চালকের হাত-পা বেঁধে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। সোমবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা।
আজ সোমবার ভোররাতে সাভারের আনন্দপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন রাজবাড়ীর কালুখালী থানার হরিণবাড়িয়ারচর গ্রামের মৃত হামিদ শেখের ছেলে পিয়ার শেখ (৪২) এবং নওগাঁ জেলা সদরের আরজিনগর মধ্যপাড়া গ্রামের হামিদুলের ছেলে সালাম (৩০)।
পুলিশ জানায়, রবিবার (১৩ নভেম্বর) রাতে সাভারের রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ড থেকে একটি অটোরিকশা ভাড়া করেন মেহেদীসহ আটক দুই ছিনতাইকারী। অটোরিকশাটি ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন ব্রিজের সামনে পৌঁছলে তিন ছিনতাইকারী চালককে মারধর শুরু করেন। পরে দেশি অস্ত্রের ভয় দেখিয়ে তার হাত-পা বেঁধে মহাসড়কের পাশে ফেলে রেখে অটোরিকশাটি ছিনতাই করে পালিয়ে যান। পরে স্থানীয়রা চালককে উদ্ধার করে থানায় খবর দেন। চালক রাতেই অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। মামলার পর ভোরে অভিযান চালিয়ে ছিনতাইকারীদের আটক করে পুলিশ। এ সময় ছিনতাই করা দুটি অটোরিকশা ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
দীপক চন্দ্র সাহা বলেন, এ ঘটনায় অপর আসামি মেহেদীকে আটকের জন্য অভিযান চলছে। দুপুরে আটককৃত দুজনকে আদালতে পাঠানো হবে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com