
ঢাকার সাভার,আশুলিয়া ও ধামরাইয়ে বেড়েছে চোরের উপদ্রব্য। প্রতিদিন কোন না কোন বাড়িতে চোরেরা হানা দিয়ে মুল্যবান মালামাল লুটপাট করে নিয়ে যাচ্ছে। ধামরাইয়ে গরু চুরির হিড়িক পড়ায় আতংকে আছেন সাধারণ কৃষকরা। এসব ঘটনার কারণে পুলিশের নজরদারি বাড়ানোর দাবি করেছেন এলাকাবাসী।
সাভার পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর রমজান আহমেদ জানান, পৌর এলাকার আঙ্গিনাতে গার্মেন্টস কর্মকর্তা জুয়েলের বাসায় রোববার দুপুরে ওরসের জন্য চাউল চাইতে আসে দুই যুবক। এরা এ সময় বাসার মূল্যবান মালামাল হাতিয়ে নেয়ার পরিকল্পনা করে। সন্ধ্যায় বাসায় জুয়েলের ১২ বছরের মেয়েকে রেখে বাবা-মা হাঁটতে বের হন। এই সুযোগে ঘরের ভেন্টিলেটর ভেঙ্গে হৃদয় (২০) ও শাকিল (১৮) নামে দুই চোর ল্যাপটপ নগদ টাকাসহ মূল্যবান মালামাল নিয়ে যায়। এলাকাবাসী ধাওয়া দিয়ে হৃদয়কে ধরতে পারলেও শাকিল মালামাল নিয়ে পালিয়ে যায়। পরে চোরকে পুলিশে সোপর্দ করা হয়। ধৃত হৃদয় আশুলিয়া থানার কুঁড়গাও এলাকায় বসবাস করে আসছিল।
একই রাতে সাভারের তালবাগ এলাকায় একটি বাড়ির ফ্ল্যাটে একদল চোরেরা গ্রিল কেটে প্রবেশ করে পাঁচ ভরি স্বর্ণালঙ্কারসহ কয়েক লক্ষ টাকার মালামাল লুটপাট করে পালিয়ে যায়।
পৌর এলাকার ৩নং ওয়ার্ডের বাসিন্দা সবুর খান জানান, সম্প্রতি তার অফিসের তালা ভেঙ্গে ১০-১২ বছরের দুই শিশু চুরি করতে ঢুকে। এ সময় তাঁর বিভিন্ন কক্ষের চাবি, স্টোর থেকে লৌহজাত মালামাল নিয়ে যায় চোরেরা। পরে কৌশলে শিশু দুই চোরকে ধরে মালামাল উদ্ধার করা হয়।
অপরদিকে, আশুলিয়ায় বিভিন্ন বাড়িতে বেড়েছে মোটরসাইকেল চুরির হিড়িক। প্রতিদিন কোন না বাড়ি থেকে চোরেরা মোটরসাইকেল চুরি করে নিয়ে যাচ্ছে। ভুক্তভোগীরা থানায় অভিযোগ করেও কোন প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ করেন।
ঢাকার ধামরাইয়ে আশঙ্কাজনকহারে গরু চুরির ঘটনা বেড়েছে বলে অভিযোগ আছে। গরুর মালিকরা রাত জেগে পাহারা দিয়েও ঠেকাতে পারছে না গরু চুরি। গত পাঁচদিনে ধামরাইয়ের বিভিন্ন এলাকা থেকে প্রায় ২০টি গরু চুরি হয়ে যায়। এতে গরুর মালিক কিংবা কৃষকদের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক।
ভুক্তভোগীরা অনেকেই জানান, রাতে এলাকায় পাহারার ব্যবস্থা থাকলেও শহরের বিভিন্ন মহল্লায় দিনে ঘটছে গ্রিল কেটে চুরির ঘটনা। মোটর সাইকেল চুরিও হচ্ছে প্রকাশ্য দিবালোকে। এসেব ভ্রাম্যমান অপরাধীরা ভিন্ন এলাকা থেকে এসে চুরি করে থাকে।
থানাসূত্র জানায়, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। কিন্তু ভ্রাম্যমান অপরাধীদের ব্যাপারে সকলকে সচেতন থাকতে হবে। #
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com