
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন সদ্য বিদায়ী মেয়র মনিরুল হক সাক্কু। প্রচারণা শুরুর প্রথম দিনেই নির্বাচনী পোস্টার ছেঁড়ার অভিযোগ করেন তিনি। শুক্রবার (২৭ মে) রাতে মুখোশধারী কয়েকজন লোক তার নির্বাচনী পোস্টার ছিঁড়েছে এবং প্রচার মাইক ভাঙচুর করেছে বলে অভিযোগ করেন তিনি।
আজ শনিবার (২৮ মে) বেলা সাড়ে ১১টায় নগরীর ১২ নং ওয়ার্ডের নানুয়া দিঘীরপাড়ে নিজ বাসবভনের নিচে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন সাক্কু।
গতকাল শুক্রবার বিএনপিপন্থী স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু তার পছন্দের প্রতীক টেবিল ঘড়ি পেলেও আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন শনিবার সকাল থেকে। এদিন নগরীর কাপড়িয়াপট্টি, দেশওয়ালীপট্টি ও কান্দিরপাড় এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় উন্নয়ন অব্যাহত রাখার জন্য আবারও তাকে ভোট দেওয়ার আহবান জানান সাক্কু।
মনিরুল হক সাক্কু সাংবাদিকদের বলেন, শুক্রবার গভীর রাতে নগরীর চকবাজার, কাপড়িয়াপট্টি, দেশওয়ালীপট্টি, রাজগঞ্জ ও কান্দিরপাড় এলাকায় তাঁর নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলেছে মুখোশধারী কয়েকজন লোক। এছাড়া শুক্রবার রাতে প্রচারণা শেষে ফেরার পথে তাঁর প্রচার মাইক ভাঙচুর করা হয়েছে নগরীর চকবাজার এলাকায়। তিনি বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছেন। রিটার্নিং কর্মকর্তা তাকে লিখিত অভিযোগ দিতে বলেছেন। এজন্য তিনি লিখিত অভিযোগ দেবেন।
সাক্কু আরো বলেন, ১০ বছর মেয়রের চেয়ারে। এরপরও মানুষের ভালোবাসা আমার জন্য কমে যায়নি। কারণ আমি মানুষের পাশে থেকে তাদের সেবা করেছি। আশা করছি নগরীর মানুষ এবারও আমাকে হতাশ করবেন না।
এদিকে, এসব বিষয়ে জানতে রিটার্নিং কর্মকর্তা মো.শাহেদুন্নাবী চৌধুরীকে একাধিকবার কল করা হলেও তিনি কল ধরেননি।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com